তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল: ওই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করলেন জামায়াত এমপি
জাতীয় ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য গাজী নজরুল ইসলামের এক তরুণীর সাথে ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। প্রথমে ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি দাবি করা হলেও, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের অনুসন্ধানের মুখে মঙ্গলবার (২১ জুলাই) সকালে নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন এই জামায়াত নেতা।
সোমবার রাতে 'প্রতিবাদী কণ্ঠস্বর' নামক একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই তা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। অনুসন্ধানে দেখা যায়, ওই তরুণী চাকরির সুপারিশ চেয়ে এমপির দ্বারস্থ হয়েছিলেন এবং এমপির সই করা সুপারিশকৃত একটি সিভিও প্রকাশ্যে আসে।
ঘটনার শুরুতে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল ভিডিওটিকে এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভুয়া ভিডিও হিসেবে দাবি করেছিল। তবে বিভিন্ন তথ্য যাচাইকারী (ফ্যাক্টচেক) প্রতিষ্ঠান ও প্রযুক্তি বিশেষজ্ঞরা প্রযুক্তিগত বিশ্লেষণ শেষে জানান, ছড়িয়ে পড়া ভিডিওটি এডিটেড বা এআই-নির্মিত নয়, এটি সম্পূর্ণ আসল।
ফ্যাক্টচেকের অনুসন্ধানে ভিডিওটি আসল হিসেবে চিহ্নিত হওয়ার পর মঙ্গলবার সকালে এমপি গাজী নজরুল ইসলাম ফেসবুক বার্তার মাধ্যমে জানান, চলতি বছরের ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতি ও পারিবারিকভাবে ওই তরুণীর বাবার বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
নিজের সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, অপপ্রচারের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছেন তিনি। এ নিয়ে শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান জানান, সংসদ সদস্য নিজেই ঘটনাটির ব্যাখ্যা দেওয়ায় দলীয়ভাবে এর বাইরে অতিরিক্ত কোনো বক্তব্য নেই।
|