বিয়ে ১৭ জুন, কিন্তু ২২ জুনের বায়োডাটায় লেখা ‘অবিবাহিত’

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ
বিয়ে ১৭ জুন, কিন্তু ২২ জুনের বায়োডাটায় লেখা ‘অবিবাহিত’

অনলাইন ডেস্ক:  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি বিতর্কিত ভিডিও সামাজিকভাবে ছড়িয়ে পড়ার পর তিনি গত ১৭ জুন দ্বিতীয় বিয়ে করেছেন বলে দাবি করলেও বিষয়টি ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। বিয়ের দাবি করার সাত দিন পর ওই তরুণীর একটি বায়োডাটায় বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা থাকার তথ্য ও সেখানে এমপির নিজ হাতে সুপারিশের স্বাক্ষরটি সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এর আগে সোমবার রাতে এক নারীর সঙ্গে এমপি গাজী নজরুলের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। প্রাথমিক পর্যায়ে দলটির সমর্থকদের একাংশ ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো বলে দাবি করলেও পরবর্তীতে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ‘রিউমর স্ক্যানার’ নিশ্চিত করে যে ভিডিওটি আসল। এর পরপরই জেলা জামায়াতের পক্ষ থেকে ও এমপির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয় যে ওই নারী এমপির দ্বিতীয় স্ত্রী।

মঙ্গলবার দুপুরে দেওয়া ফেসবুক পোস্টে এমপি গাজী নজরুল ইসলাম জানান, গত ১৭ জুন পরিবার ও প্রথম স্ত্রীর সম্মতিতে মরিয়ম খাতুন নামের ওই তরুণীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ করেন তিনি। ভিডিওতে থাকা তরুণী মরিয়ম খাতুনও সংবাদমাধ্যমে তাদের বিয়ের সত্যতা স্বীকার করেছেন এবং জানান যে তিনি চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।

তবে বিতর্ক বাধে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মরিয়ম খাতুনের একটি জীবনবৃত্তান্ত (বায়োডাটা) ঘিরে। গত ২২ জুন এমপির নিজ স্বাক্ষরে করা একটি ‘জোর সুপারিশ করছি’ সিলসহ বায়োডাটায় মরিয়ম খাতুনের বৈবাহিক অবস্থার জায়গায় স্পষ্টভাবে ‘অবিবাহিত’ লেখা রয়েছে।

১৭ তারিখে আক্দ বা বিয়ে সম্পন্ন হয়ে থাকলে ২২ জুনের বায়োডাটায় কীভাবে তাকে ‘অবিবাহিত’ হিসেবে উল্লেখ করে খোদ এমপি নিজেই সেখানে সুপারিশ করলেন—সে প্রশ্নই এখন জোরেশোরে উঠছে সামাজিক মাধ্যমে। তবে এই অমিল ও নতুন বিতর্ক প্রসঙ্গে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।

মন্তব্য করুন