মেধাবী শ্রমিকসন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করবে সরকার: শ্রমমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ণ
মেধাবী শ্রমিকসন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করবে সরকার: শ্রমমন্ত্রী

স্টাফ রিপোর্টার: শ্রমিক পরিবারের মেধাবী সন্তানরা যাতে অর্থাভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (১৪ অক্টোবর) শ্রম ভবনের সম্মেলন কক্ষে ৫৮৩ জন শ্রমিকের মাঝে প্রায় ৫ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমিকদের চিকিৎসা সহায়তা, মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান এবং শ্রমিকদের সন্তানদের শিক্ষা সহায়তা বাবদ এই চেক বিতরণ করা হয়।

শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কলকারখানায় কোনো ধরনের অনিয়ম বা অসন্তোষ দেখা দিলে তা রাজপথে না নিয়ে সরাসরি শ্রম পরিদর্শকদের জানান। কোনো কুচক্রী মহলের প্ররোচনায় পড়ে সড়ক অবরোধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করবেন না। যে কোনো সমস্যার কথা সরকারকে আগেই জানালে আগাম ব্যবস্থা নেওয়া সম্ভব হবে, ফলে রাজপথে নামার প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, শ্রমিকদের আন্তরিকতা এবং কারখানার উৎপাদন বৃদ্ধি পেলে আগামীতে এই সহায়তার পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে। শিল্পপ্রতিষ্ঠানের আয় ও প্রবৃদ্ধি ঘটলে আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের মজুরি বৃদ্ধির ব্যবস্থা করতে পারব। এর জন্য ধর্মঘট বা রাজপথ আন্দোলনের দরকার নেই; তবে এজন্য কারখানা চালু রাখা ও মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখা জরুরি।

বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী জানান, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের শ্রমিকদের আজ এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর শ্রমিক কল্যাণে দেওয়া এটিই সবচেয়ে বড় আর্থিক অনুদান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ ইরতিজা আহসান। অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা