নেত্রকোনায় উন্নয়নের প্রতিশ্রুতি দুই প্রতিমন্ত্রীর

প্রকাশ: শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ণ
নেত্রকোনায় উন্নয়নের প্রতিশ্রুতি দুই প্রতিমন্ত্রীর

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, "মৎস্য খাতের যে সব কাজ করলে হাওরাঞ্চলের মানুষের উপকার হবে, তার সবই আমি করে দেব। আপনাদের কোনো কিছু চাইতে হবে না, রাস্তাঘাটসহ সব ধরনের উন্নয়ন করে দেওয়া হবে। এই এলাকার মা, মাটি ও মানুষের নেতা দীর্ঘ ১৭ বছর নির্যাতন ভোগ করেছেন, যার সাথে আমাদের আত্মার সম্পর্ক—তিনি হচ্ছেন লুৎফুজ্জামান বাবর ভাই।"

আজ শুক্রবার নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর খেলার মাঠে হাওরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক এবং মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম।

প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, "বাংলাদেশে কোনো মাদকের ফ্যাক্টরি নেই। আশপাশের দেশগুলোই আমাদের দেশে মাদক সরবরাহ করে আমাদের তরুণ সমাজকে ধ্বংস করতে চায়। এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, "হাওরে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। জেলেরা যদি আগামী চার মাস এই পোনা মাছ ধরা থেকে বিরত থাকেন, তবে মাছগুলো বড় হওয়ার সুযোগ পাবে এবং এই এলাকার মানুষের অর্থনৈতিক অভাব-অনটন দূর হবে।" তিনি আবেগঘন কণ্ঠে আরও বলেন, "আমি যতবার জেলে গিয়েছিলাম, আমাদের প্রিয় বড় ভাই লুৎফুজ্জামান বাবর ভাই ততবার ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন। আজকে আমরা উনার এলাকায় এসেছি। এই এলাকা আমারও এলাকা, কারণ আমার পূর্বপুরুষেরা এখনো এই অঞ্চলেই বসবাস করেন। এই এলাকার সার্বিক উন্নয়নে যা যা প্রয়োজন, আমি তার সবকিছুই করব ইনশাল্লাহ।"

আলোচনা সভা শেষে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আনুষ্ঠানিকভাবে হাওরের পানিতে পোনা মাছ অবমুক্ত করে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন