প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এবং সৌদি রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বৈঠকে বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা জোরদার, বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং জ্বালানি খাতে সৌদি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন সরকারের গৃহীত বিভিন্ন প্রশাসনিক ও কাঠামোগত সংস্কার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি আগামী দিনে দুই ভ্রাতৃপ্রতিম দেশের সম্পর্ক আরও সুদৃঢ় ও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, আজ সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন। প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এরপর তিনি নিয়মিত ফাইলে স্বাক্ষর ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে নির্ধারিত বৈঠকে অংশ নেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন