ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নোয়াখালী প্রতিনিধি: নদীভাঙনকবলিত নোয়াখালীর হাতিয়া দ্বীপ রক্ষায় অবশেষে স্থায়ী সমাধান হতে যাচ্ছে। দ্বীপের সুখচর থেকে চরঈশ্বর বাংলাবাজার পর্যন্ত এলাকা রক্ষায় স্থায়ী কংক্রিট ব্লকবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের জোর সুপারিশের প্রেক্ষিতে এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) রাতে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে হাতিয়াবাসীকে এই খুশির সংবাদ জানান।
প্রকল্পের অগ্রগতি: ফেসবুক পোস্টে জানানো হয়, নদীভাঙন রোধে স্থায়ী ব্লকবাঁধ নির্মাণের প্রস্তাবটি গুরুত্বের সাথে বিবেচনা করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালককে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
জনদুর্ভোগের অবসান: দীর্ঘদিন ধরে মেঘনা নদীর অব্যাহত ভাঙনের শিকার হচ্ছে হাতিয়া। প্রতিবছর বিপুল পরিমাণ বসতভিটা, ফসলি জমি ও সরকারি-বেসরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছিলেন। দ্বীপের উত্তর প্রান্তের সুখচর ও চরঈশ্বর ইউনিয়নের বাসিন্দারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ছিলেন। স্থায়ী বাঁধ নির্মাণের এই উদ্যোগ বাস্তবায়িত হলে কয়েক হাজার পরিবার ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।
স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, দ্রুত প্রকল্পটির কাজ শুরু হলে আগামী বর্ষা মৌসুমের আগেই ভাঙন আতঙ্ক থেকে মুক্তি মিলবে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ