আমার জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো : মাহমুদা মিতু

প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
আমার জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো : মাহমুদা মিতু

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু রাজনীতি ও সংসদীয় জীবনের এক নতুন যাত্রা শুরু করেছেন। আজ সোমবার (৪ মে ২০২৬) সকালে তাঁর একটি আবেগঘন ফেসবুক পোস্টের মাধ্যমে এই অনুভূতির কথা জানান।

ডা. মাহমুদা মিতু তাঁর পোস্টে পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, সংসদে তাঁর প্রথম দিনে নাহিদ ইসলাম একজন অভিভাবকের মতো পাশে ছিলেন। মিতু লেখেন, “ছোটবেলায় প্রথম পরীক্ষার দিন আম্মু-আব্বু বা বড় ভাই যেভাবে পথ দেখিয়ে নিয়ে যায়, আমার সংসদের প্রথম দিনটাতে আমার আহ্বায়ক সেভাবেই আমাকে নিয়ে গিয়েছেন এবং পথ দেখিয়েছেন।”

নাহিদ ইসলামকে নিজের ছোট ভাইয়ের মতো উল্লেখ করে তিনি বলেন, আহ্বায়কের এই দায়িত্ববোধ তাঁকে আরও দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা দিয়েছে। তিনি দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, একই দিনে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এনসিপিকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়ে পোস্ট দিলেও, ডা. মাহমুদা মিতুর এই পোস্টটি দলে তাঁর সক্রিয় অবস্থান ও নতুন করে পথচলার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন