আইভী-বদি-সাহেদের জামিন নিয়ে তাসনুভা জাবিনের কড়া সমালোচনা

আইভী-বদি-সাহেদের জামিন নিয়ে তাসনুভা জাবিনের কড়া সমালোচনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বর্তমান বিচারিক প্রক্রিয়া এবং রাজনৈতিক সদিচ্ছা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আলোচিত ব্যক্তিদের জামিন পাওয়া নিয়ে নানা প্রশ্ন তোলেন।

তাসনুভা জাবিন তাঁর পোস্টে নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি এবং রিজেন্ট হাসপাতালের সাহেদের জামিন পাওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি আক্ষেপের সুরে লেখেন, ‘সবার জামিন হলো। সামনে জামিন হওয়ার তালিকা আরও বাড়বে।’ দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও বিচারিক প্রক্রিয়াকে একটি ‘লুপ’ বা চক্রের সাথে তুলনা করে তিনি দাবি করেন, এক গোষ্ঠী এসে রাজনৈতিক বা বিভিন্ন মামলায় অভিযুক্তদের জেলে পাঠায়, আর অন্য গোষ্ঠী এসে ‘বারগেইন’ বা আপসের মাধ্যমে তাদের জামিন দেয়। তাঁর মতে, এই প্রক্রিয়াটি দেশে নিয়মিত চলছে এবং ভবিষ্যতেও চলবে।

জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তিদের দ্রুত জামিন পাওয়ার বিপরীতে সাংবাদিক দম্পতি সাগর-রুনি এবং হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেন এই নেত্রী। তিনি প্রশ্ন তোলেন, কেন এই গুরুত্বপূর্ণ মামলাগুলো বছরের পর বছর পার হলেও বিচারের তালিকায় যথাযথ স্থান পায় না। সবশেষে দেশের প্রচলিত ব্যবস্থার ওপর কটাক্ষ করে তিনি লেখেন, ‘কে বলে কেউ কথা রাখে না, এই যে নিজ স্বার্থে নিয়ম মেনে কথা রাখা হচ্ছে।’ তাঁর এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন