ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারে উপদেষ্টা হিসেবে যোগ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। এই প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সমাজের 'হিংসা' ও মানুষের 'সাফল্যকে' মূল্যায়নের দৃষ্টিভঙ্গি নিয়ে কড়া সমালোচনা করেন।
ফাহাম আব্দুস সালাম তাঁর পোস্টে উল্লেখ করেন, ডা. জাহেদের অগণিত ভিডিওর নিচে হয়তো একই কমেন্ট ২ লক্ষবার হয়েছে— ‘জাহেদ তুমি বিএনপির দালাল’। এখন তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপি সরকারে যোগ দেওয়ায় সাধারণ সেন্টিমেন্ট দাঁড়িয়েছে, ‘হায় আল্লাহ! এই জাহেদকেই এতদিন আমরা নিরপেক্ষ মনে করেছিলাম, অথচ সে ছিল গুপ্ত’। ফাহাম এই মানসিকতাকে ‘বিট্রেয়াল’ বা বিশ্বাসঘাতকতা মনে করার প্রবণতা হিসেবে চিহ্নিত করেছেন।
তিনি আরও লিখেছেন, "আমাদের সমাজে কম্পিটেন্স বা যোগ্যতা ডিল করার কোনো প্রস্তুতি নেই। প্রবাসে কোনো বাংলাদেশি ওপরে উঠলে আমরা গর্ব করি, কিন্তু দেশের ভেতরে আমাদের পরিচিত কেউ বিখ্যাত বা সফল হলে মানুষ নিজেকে 'বিট্রেড' বা লাঞ্ছিত অনুভব করে।" ফাহামের মতে, এ দেশে হিংসা ছাড়া অন্য কারো যোগ্যতাকে মূল্যায়নের কোনো সামাজিক ঐক্য বা কনসেন্সাস নেই।
পোস্টে তিনি ক্ষোভের সাথে লিখেন, "সফল ও বিখ্যাত হওয়ার আগেই প্রমাণিত হয়ে থাকতে হবে যে আপনি আমাদের একজন (one of us) না, তা না হলে আপনার খবর আছে।" তিনি দাবি করেন, বাংলার মানুষের হিংসার ব্যাপ্তি কতটা তা কেউ নিজে সফল বা বিখ্যাত না হওয়া পর্যন্ত বুঝতে পারবে না। উপার্জনকে 'ব্লাড মানি' মনে করার এমন প্রস্তুতি পৃথিবীতে আর কোথাও নেই বলেও তিনি মন্তব্য করেন। ফাহাম আব্দুস সালামের মতে, এ দেশের ৯০ শতাংশ কর্মকাণ্ডকে কেবল 'ভাত ও হিংসা'—এই দুই ড্রাইভ দিয়েই ব্যাখ্যা করা সম্ভব।
উল্লেখ্য, ফাহাম আব্দুস সালাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে জামাই এবং সমসাময়িক রাজনীতি ও সমাজ নিয়ে তাঁর তীক্ষ্ণ বিশ্লেষণের জন্য অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে বেশ পরিচিত। নতুন মন্ত্রিসভায় ডা. জাহেদ উর রহমানের মতো বুদ্ধিজীবীদের অন্তর্ভুক্তি নিয়ে যখন মিশ্র প্রতিক্রিয়া চলছে, তখন ফাহামের এই পোস্টটি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ