ড. ইউনূসের রেখে যাওয়া পরিস্থিতি ‘পুলসিরাত’ পার হওয়ার মতো: গোলাম মাওলা রনি

ড. ইউনূসের রেখে যাওয়া পরিস্থিতি ‘পুলসিরাত’ পার হওয়ার মতো: গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শাসনকাল এবং বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর কড়া সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ড. ইউনূসের আমলে যে পরিমাণ টাকা ছাপা হয়েছে এবং মুদ্রার মান যেভাবে কমেছে, তা বর্তমান সরকারের জন্য সামাল দেওয়া রীতিমতো ‘পুলসিরাত’ পার হওয়ার মতো কঠিন চ্যালেঞ্জ।

গোলাম মাওলা রনি বলেন, "ইউনূসের প্রতিপক্ষরা এখন বলার চেষ্টা করছেন, তার জায়গায় কোনো সাধারণ মানুষকে বসিয়ে দিলেও পরিস্থিতি এর চেয়ে খারাপ হতো না। তার জামানায় যে চরম অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়েছে, যে 'মব কালচার' শুরু হয়েছে এবং শিক্ষা-দীক্ষার যে দশা হয়েছে, তাতে সমাজ আজ এক অশান্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।" তিনি আরও যোগ করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চেইন অব কমান্ড পুরোপুরি ভেঙে পড়া এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার দায় এড়ানো সম্ভব নয়।

রাজনৈতিক এই আলোচক আরও দাবি করেন, "ইউনূসের জায়গায় যদি আমজনতা পার্টির তারেক বা অন্য কেউ প্রধান উপদেষ্টা হতেন, তবে হয়তো তারা এর চেয়ে ভালো চালাতে পারতেন—এমন আলোচনা এখন সব মহলে হচ্ছে। যদি কোনো যোগ্যতম ব্যক্তি সেই সময়ে দায়িত্ব পেতেন, তবে বাংলাদেশের আমূল পরিবর্তন ঘটে যেত। কিন্তু ড. ইউনূস সেই প্রয়োজনীয় সংস্কার বা কাজগুলো করতে ব্যর্থ হয়েছেন।"

রনি মনে করেন, ড. ইউনূসের আমলে সৃষ্ট এই বিশৃঙ্খলা ও প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা বর্তমান সরকারের জন্য এক বিশাল পরীক্ষা। বিশেষ করে অর্থনীতির ভঙ্গুর দশা এবং সামাজিক অস্থিরতা প্রশমিত করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন