৪৬০০ অবৈধ ভারতীয় নাগরিককে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: গত প্রায় দেড় বছরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪ হাজার ৬০০-এরও বেশি অবৈধ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
রণধীর জয়সওয়াল জানান, চলতি বছরের (২০২৬) শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ১ হাজার ৭৬ জন ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। এর আগে গত ২০২৫ সালে কঠোর অভিবাসন প্রক্রিয়ার আওতায় বহিষ্কারের (ডিপোর্টেশন) মাধ্যমে মোট ৩ হাজার ৫৬৭ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছিল মার্কিন প্রশাসন।
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন নীতি দীর্ঘদিন ধরেই দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করছে, যার প্রভাব ভারতীয় নাগরিকদের ওপরও পড়েছে।
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো দেশের নাগরিক বিদেশে অবৈধভাবে অবস্থান করলে তাকে নিজ দেশে ফিরিয়ে নেওয়া সংশ্লিষ্ট রাষ্ট্রের আন্তর্জাতিক দায়িত্বের মধ্যে পড়ে। তবে কাউকে ফেরত নেওয়ার আগে তার প্রকৃত ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে দেশটির পার্লামেন্টকেও অবহিত করেছিল যে, এটি কেবল ভারতের একক অবস্থান নয়; আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটি একটি সুপ্রতিষ্ঠিত ও স্বীকৃত নীতি।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দালালের মাধ্যমে অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করা কিংবা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের মতো কারণে যাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাদের দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়ায় ওয়াশিংটন ও নয়াদিল্লি নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এআইএল/সকালবেলা
|