ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে বন্দুক হামলায় নিহত ৩

ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে বন্দুক হামলায় নিহত ৩

তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত ইসরায়েলি কনস্যুলেটের কাছে এক ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে বলে তুর্কি সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ইস্তাম্বুলের যে ভবনে ইসরায়েলি কনস্যুলেট অবস্থিত, তার ঠিক পাশেই আকস্মিক বন্দুকযুদ্ধের শব্দ শোনা যায়। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, কনস্যুলেট ভবনের নিকটবর্তী এলাকায় মুহুর্মুহু গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই হামলায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, গোলাগুলির ঘটনায় ডিউটিরত দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতরা সাধারণ নাগরিক নাকি হামলাকারী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

হামলার পরপরই তুর্কি নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলেছে। কনস্যুলেট ভবন এবং এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার পেছনে কোনো সশস্ত্র গোষ্ঠী বা ব্যক্তিগত শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধাবস্থার কারণে অঞ্চলজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এর আগে আজ সকালেই পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি মন্ত্রীর প্রবেশের ঘটনায় মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতির মধ্যেই ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে এই হামলার ঘটনা ঘটলো।

সূত্র: আল আরাবিয়া।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন