ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার মহিলা কলেজপাড়া এলাকায় লাইসেন্সবিহীন ও নকল কসমেটিকস উৎপাদনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) পরিচালিত এই অভিযানে অভিযুক্ত ব্যক্তিকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ নকল কসমেটিকস ও উৎপাদন সামগ্রী জব্দ করা হয়।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি প্রথমে স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর তারা ঝিনাইদহ সদর উপজেলার ইউএনও-কে বিষয়টি অবহিত করেন। পরে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। জব্দকৃত পণ্য ধ্বংসের জন্য ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলীর জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান চলাকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় কিছু সন্ত্রাসী অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করলে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলার আশঙ্কা দেখা দেয়। এ সময় অন্তত ১০ জন সাংবাদিক নিরাপত্তার স্বার্থে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে, অভিযানের পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। সাংবাদিক তরিকুল ইসলাম তারেক, মোঃ বাপ্পি শেখ ও মোঃ জমজম আহমেদসহ কয়েকজন সাংবাদিককে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিতে বলা হয়, "কাউকে খুঁজেও পাওয়া যাবে না"—যা নিয়ে সাংবাদিক মহলে চরম আতঙ্ক বিরাজ করছে। সাংবাদিকরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ