ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখা ছাত্রদলের তিন নেতাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত রবিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শোকজ প্রাপ্ত নেতারা হলেন শাখা ছাত্রদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার গালিব এবং প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব।
ঘটনার বিবরণে জানা গেছে, গত রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পরিবর্তনকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুটি গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমান প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবকে অব্যাহতি দিয়ে ড. আহসান সৌরভকে নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে একাংশ বিক্ষোভ শুরু করলে অপর পক্ষের সঙ্গে সংঘর্ষ বাধে। প্রশাসনিক ভবনের সামনে ঘটা এই সংঘর্ষে প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব ও সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির আহত হন।
কেন্দ্রীয় ছাত্রদল জানিয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে অভিযুক্তদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সামনে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ