ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মিজানুর রহমান, চকরিয়া পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় মহেশখালী-কুতুবদিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) আলমগীর ফরিদের গাড়িবহরের একটি গাড়ির চাপায় সাত বছরের এক শিশু নিহত হয়েছে। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলার বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. খালেদ বিন ওয়ালিদ (৭)। সে বদরখালীর তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য আলমগীর ফরিদ নির্বাচনী এলাকা কুতুবদিয়া সফর শেষে গাড়িবহর নিয়ে ফিরছিলেন। বহরটি বদরখালী ফাজিল মাদ্রাসা এলাকা অতিক্রম করার সময় পেছনের দিকে থাকা ৩ নম্বর গাড়িটি শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খালেদকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এমপির বহরে থাকা একটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, “সংসদ সদস্যের নিজস্ব গাড়ি নয়, বরং তার বহরে থাকা অন্য একটি গাড়ির ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে।”
গাড়িবহরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় এমপির নিজস্ব গাড়িটি বহরের সামনের দিকে ছিল।
নিস্পাপ শিশু খালেদের এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোক ও উত্তজনা বিরাজ করছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী চালকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ