আর্জেন্টিনার দুই বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ণ
আর্জেন্টিনার দুই বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়ার প্রতিবাদে কঠোর ও নজিরবিহীন পাল্টা পদক্ষেপ নিয়েছে তেহরান। এর অংশ হিসেবে আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১১ নভেম্বর ২০২৬) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আর্জেন্টিনা সরকার সম্প্রতি আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ইরানের বিরুদ্ধে একটি অত্যন্ত শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে। অথচ আইআরজিসি হলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর একটি সর্বসম্মত ও আনুষ্ঠানিক অংশ। তেহরানের দাবি, আর্জেন্টিনার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির সম্পূর্ণ পরিপন্থী।

তেহরান জানিয়েছে, পারস্পরিক পদক্ষেপের নীতি এবং ২০১৯ সালে প্রণীত ‘ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রের ঘোষণার জবাবে পাল্টা ব্যবস্থা’ শীর্ষক বিশেষ আইনের ভিত্তিতেই আর্জেন্টিনার বিরুদ্ধে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ওই আইনের মূল ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, যেসব দেশ মার্কিন সিদ্ধান্তের সঙ্গে সুর মিলিয়ে কোনোভাবে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত সমর্থন করবে বা মেনে নেবে, তাদের বিরুদ্ধে ইরান সরকার কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। সেই আইনের আওতাতেই এবার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে বিবেচনা করে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হলো।

বিবৃতির শেষাংশে ইরান অত্যন্ত কঠোর বার্তা দিয়ে জানিয়েছে, এই পাল্টাপাল্টি কূটনৈতিক ও সামরিক পদক্ষেপে ভবিষ্যতে যেসব প্রতিকূল পরিণতি বা ভূরাজনৈতিক সংকট সৃষ্টি হবে, তার সম্পূর্ণ দায়ভার কেবল আর্জেন্টিনা সরকারকেই বহন করতে হবে।