সংবিধান সংশোধন চায় বিএনপি সংস্কার নয়: মির্জা ফখরুল

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ণ
সংবিধান সংশোধন চায় বিএনপি সংস্কার নয়: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: বিএনপি সংবিধান সংশোধন করতে চায় বলে পুনরায় দলের অবস্থান পরিষ্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, বিএনপি কখনোই সংবিধান সংস্কারের কথা বলেনি, বরং সংবিধান সংশোধনের পক্ষে কথা বলে আসছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্মরণসভায় মির্জা ফখরুল স্পষ্ট ভাষায় বলেন,

“আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা যথাযথভাবে পালন করব। এটা হচ্ছে আমাদের স্পষ্ট কমিটমেন্ট (অঙ্গীকার)।”

সংবিধান প্রসঙ্গে দলের সুস্পষ্ট অবস্থান তুলে ধরে তিনি বলেন,

“আমরা শুরু থেকেই বরাবর বলে এসেছি, আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি।”

জুলাই গণঅভ্যুত্থানকে কোনো একক সময়ের ঘটনা হিসেবে না দেখার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন,

“আমরা চাই না জুলাইয়ের এ আন্দোলন স্রেফ ক্ষমতায় যাওয়ার জন্য আরেকটি হাতিয়ারে পরিণত হোক। জুলাইয়ের আন্দোলন কেবল ওই নির্দিষ্ট মাসের আন্দোলন নয়, এটি দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষের যে রক্তক্ষয়ী লড়াই চলেছে, সেই লড়াইয়েরই পুঞ্জীভূত ফলশ্রুতি।”

বক্তব্যের শেষ পর্যায়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিরোধীদলের অনেকে বিভিন্ন রকম মুখরোচক ও অসংলগ্ন কথা বলে সাধারণ জনগণকে উত্তেজিত করার অহেতুক চেষ্টা চালাচ্ছেন, যা গণআকাঙ্ক্ষার পরিপন্থী।

মন্তব্য করুন