মেসি ফাইনালেও গোল করবেন, নিশ্চিত এমবাপ্পে
ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের ইতিহাসে গোলের মহাকাব্যিক রেকর্ড গড়েও পা মাটিতেই রাখছেন কিলিয়ান এমবাপ্পে। অনন্য এই কীর্তির পরও ফরাসি অধিনায়কের মাঝে কোনো অতি-উৎসাহ লক্ষ্য করা যায়নি। বরং রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড অকপটে জানিয়েছেন, আজ রাতেই তাঁর এই রেকর্ড ভেঙে দিতে পারেন সাবেক পিএসজি সতীর্থ লিওনেল মেসি।
গতকাল মায়ামিতে থ্রিলার ঠাসা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪-৬ ব্যবধানে হেরেছে ফ্রান্স। দলের হারলেও ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা ২২-এ নিয়ে গেছেন ২৭ বছর বয়সী এমবাপ্পে। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন মহাতারকা লিওনেল মেসিকে। তবে আজ রাতেই মেগা ফাইনালে স্পেনের বিপক্ষে এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়ার বা স্পর্শ করার সুযোগ পাচ্ছেন এলএমটেন। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার অধিনায়ক এক গোল করলে এমবাপ্পের পাশে বসবেন, আর জোড়া গোল করলে ছাড়িয়ে যাবেন তাকে। বর্তমানে বিশ্বকাপে ২১ গোল নিয়ে তালিকার দুই নম্বরে আছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।
আজকের মেগা ফাইনালে মেসি গোল করতে পারবেন বলে শতভাগ বিশ্বাস করেন এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি ফরোয়ার্ড বলেন:
"রবিবারও (আজ রাতে) গোল করবেন মেসি। এটা একদম নিশ্চিত।"
সবমিলিয়ে এবারের ২০২৬ বিশ্বকাপে একক আধিপত্য বিস্তার করে ১০টি গোল করেছেন এমবাপ্পে। যা তাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ে এককভাবে এগিয়ে রেখেছে। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলকে জেতাতেই বেশি মরিয়া ছিলেন তিনি। এমবাপ্পে বলেন, “আমি শুধু চেষ্টা করেছি দলকে সর্বোচ্চ সহায়তা করতে। তবে বিশ্বকাপে যখন আপনি অনেক গোল করবেন, তখন স্বাভাবিকভাবেই তা আপনাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে।”
এত বড় রেকর্ড গড়ার পরেও ফরাসি অধিনায়কের মন খারাপ। তাঁর মতে, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে ফাইনালের মঞ্চে দলের হয়ে লড়তে পারলেই তিনি বেশি খুশি হতেন। আক্ষেপ প্রকাশ করে এমবাপ্পে বলেন, “সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের চেয়ে আগামীকাল (আজ) ফাইনাল ম্যাচ খেলতে পারলেই আমি বেশি পছন্দ করতাম। লিগ্যাসির জন্য হয়তো এই রেকর্ড ভালো, তবে এই মুহূর্তে আমার মাথায় এসবের কিছু নেই।”
|