দিনাজপুরে বিপুল মাদকসহ ২ ব্যবসায়ী আটক
তাজুল ইসলাম, দিনাজপুর: দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশি মদ ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪২ বিজিবি)।
গত সোমবার (৩ আগস্ট) গভীর রাতে সীমান্ত এলাকাগুলোতে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া ২টার দিকে ৪২ বিজিবির অধীনস্থ পরমেশ্বরপুর বিওপির একটি দল বোচাগঞ্জ উপজেলার পরমেশ্বরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোনসহ দুই আসামিকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের দেলোয়ার হোসেন (৩০) ও আবু সায়েম শীপন (২০)। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ তাঁদের বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে একই রাতে বিরল উপজেলার ভূড়িরহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া কিশোরীগঞ্জ বিওপির অপর একটি দল বিরলের পাকুড়া বাজার এলাকা থেকে ৪৬ বোতল দেশি মদ আটক করে। জব্দকৃত মাদক ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২০ হাজার ৮০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও বহাল থাকবে।
এআইএল/সকালবেলা
|