শ্রীপুরে পুকুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪

শ্রীপুরে পুকুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শিমুলতলা এলাকায় এ সংঘর্ষ ঘটে।

 ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, শিমুলতলা এলাকার আবু বকর ছিদ্দিকের সঙ্গে একই এলাকার শাহাজ উদ্দিন, আফাজ উদ্দিনসহ কয়েকজনের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে গত শনিবার অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবু বকর ছিদ্দিকের বাড়ির পাশের পুকুরপাড়ে হামলা চালায়। হামলাকারীরা আবু বকর ছিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। এ সময় তাঁর ছেলে হুমায়ুন কবির বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে আবু বকর ছিদ্দিক সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, অভিযুক্তদের একজন বাবুল মিয়া হামলার অভিযোগ অস্বীকার করে জানান, ওই জমি নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। আবু বকর ছিদ্দিকরা জোরপূর্বক মাছ ধরতে গেলে বাধা দেওয়ায় এই মারামারি ঘটে। এতে তাঁদের পক্ষেরও এক নারীসহ চারজন আহত হয়েছেন এবং তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করেন তিনি।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন