ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ১ হাজার ১০০টি লাল কোরাল মাছ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে গভীর সাগরে এই বিশাল মাছের ঝাঁকটি ধরা পড়ে। রাত সাড়ে ১০টার দিকে মাছগুলো টেকনাফ কায়ুকখালী খালের ঘাটে পৌঁছালে ব্যবসায়ীদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়। ১২০ মণ ওজনের এই মাছগুলো শেষ পর্যন্ত ৩১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
টেকনাফ পৌরসভার কেরুনতলী এলাকার বাসিন্দা মোহাম্মদ মিজান ও হারুনের মালিকানাধীন একটি ট্রলারে এই বিপুল পরিমাণ মাছ ধরা পড়ে। ট্রলারের মাঝি রহমত উল্লাহ জানান, সীমান্তে উত্তেজনার কারণে সপ্তাহখানেক তারা সাগরে যাননি। গত শনিবার মাছ শিকারে গিয়ে মঙ্গলবার জাল তুলতেই দেখা যায় লাল কোরালের বিশাল বহর। প্রতিটি মাছের ওজন প্রায় ৫ থেকে ৬ কেজি। জেলেরা ১১০০টি মাছ গুনে পান, যা ওজনে প্রায় ১২০ মণের মতো হয়। ঘাটে পৌঁছানোর পর জেলেরা প্রথমে ৪৫ লাখ টাকা দাম হাঁকলেও পরে স্থানীয় মাছ ব্যবসায়ী রশিদ আহমেদ মণপ্রতি ২৬ হাজার টাকা দরে ৩১ লাখ টাকায় সবগুলো মাছ কিনে নেন।
=স্থানীয় জেলেরা জানান, লাল কোরাল সাধারণত গভীর সাগরের মাছ। শীতকালে এগুলো ঝাঁক বেঁধে সেন্টমার্টিনের প্রবাল ও পাথুরে এলাকায় বিচরণ করে। পাথরের কারণে সেখানে জাল ফেলা কঠিন হওয়ায় সাধারণত বড়শি দিয়ে এই মাছ ধরা হয়। তবে এবার একসঙ্গে এত মাছ জালে ধরা পড়া বিরল ঘটনা। টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উমুল ফারা বেগম তাজকিরা জানান, লাল কোরাল (Lates calcarifer) অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণসম্পন্ন। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি এসিড এবং ভিটামিন রয়েছে, যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক। এক জালে এত মাছ ধরা পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং খুশিতে আত্মহারা ট্রলারের মালিক ও জেলেরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ