মণিরামপুরে দুই প্রার্থীর বিরুদ্ধে গুজব: এনআইডি প্রকাশ করে প্রতিবাদ

মণিরামপুরে দুই প্রার্থীর বিরুদ্ধে গুজব: এনআইডি প্রকাশ করে প্রতিবাদ

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোর-৫ (মণিরামপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়েছে। নিজেদের ভোটার আইডি কার্ড (NID) জনসমক্ষে প্রকাশ করে তাঁরা এই বিভ্রান্তিকর তথ্যের জবাব দিয়েছেন।

গত দুই দিন আগে “মণিরামপুর টিভি চ্যানেল” নামক একটি ফেসবুক পেজে বিএনপি নেতা এ কে আজাদ দাবি করেন যে, জামায়াত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান মণিরামপুর উপজেলার ভোটার নন। তিনি উল্লেখ করেন, গাজী এনামুল হক যশোর সদরের এবং ব্যারিস্টার কামরুজ্জামান ঢাকার বাসিন্দা হওয়ায় তাঁরা নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন না। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভোটারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।

বাস্তবে উভয় প্রার্থীই মণিরামপুর উপজেলার স্থায়ী বাসিন্দা এবং বৈধ ভোটার। এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে দুই প্রার্থীই পৃথকভাবে তাঁদের জাতীয় পরিচয়পত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। তাঁরা জানান, একটি বিশেষ মহল পরাজয় নিশ্চিত জেনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।

প্রার্থীবৃন্দ মণিরামপুরবাসীকে এ ধরনের সস্তা গুজবে কান না দিয়ে সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেন, "আমরা মণিরামপুরের সন্তান এবং এখানকারই ভোটার। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এই অপপ্রচার আমাদের জনপ্রিয়তায় ফাটল ধরাতে পারবে না।"

স্থানীয় সচেতন মহলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, নির্বাচনের আগমুহূর্তে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ ও মিথ্যাচার নির্বাচনী পরিবেশকে কলুষিত করছে।

মন্তব্য করুন