জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে: ফেনীতে আব্দুল আউয়াল মিন্টু

জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে: ফেনীতে আব্দুল আউয়াল মিন্টু

জহিরুল হক মিলন, ফেনী: ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, “বীর মুক্তিযোদ্ধাদের আবারও দেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে। কারণ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে।” রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দাগনভূঞা উপজেলার দুলামিয়া কটন মিলে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, দেশের উন্নয়নের স্বার্থে এবং ভবিষ্যৎ রক্ষা করতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে বাংলাদেশকে ইরাক, লিবিয়া, সুদান ও আফগানিস্তানের মতো ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। তিনি অভিযোগ করেন, জামায়াত বর্তমানে ভীত হয়ে বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে এবং তারা বিনা ভোটে নির্বাচিত হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মিন্টু বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের মতো ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও এ দেশের মানুষ জামায়াতকে পরাজিত করবে। আমি নির্বাচিত হলে বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী সমাজ এবং হিন্দু সম্প্রদায়সহ সকল পেশার মানুষের পাশে সব সময় থাকব।” ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ‘ধানের শীষ’ বিজয়ী হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি আব্দুল আউয়াল মিন্টু এদিন উপজেলার বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং পরে উপজেলা বিএনপির দলীয় সভায় যোগ দেন।

মন্তব্য করুন