মোঃ ইউসুফ : হবিগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার হবিগঞ্জ সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. মোঃ শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী মুখলিছুর রহমান আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এ তথ্য জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণকে ভোটাধিকার প্রয়োগে সচেতন ও উদ্বুদ্ধ করা, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার দাবি জোরালো করা, প্রয়োজনীয় সংস্কার এবং ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব জনগণের সামনে তুলে ধরাই এই সফরের মূল লক্ষ্য। পাশাপাশি ভোটের মাধ্যমেই দেশে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে জনমত গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, সফরকালে ডা. শফিকুর রহমান হবিগঞ্জ শহরের নিউ ফিল্ড মাঠে একটি বৃহৎ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সেখানে তিনি শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবীসহ সর্বস্তরের জনগণের উদ্দেশে জাতীয় নির্বাচনে ভোটের গুরুত্ব, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের ১১ দল সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি মার্কার এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় আমীর আল্লামা আব্দুল বাসিত আজাদ। এছাড়া হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের ১১ দল সমর্থিত ও খেলাফত মজলিস কেন্দ্রীয় সেক্রেটারি ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাকসু জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার সেক্রেটারি মোঃ মাজহারুল ইসলাম এবং হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের ১১ দল সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি সিরাজুল ইসলাম মিরপুরী উপস্থিত থাকবেন। এছাড়াও জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ জনসভায় অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান, হবিগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ নজরুল ইসলাম, ছাত্রশিবির হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মির নুরুন্নবী উজ্জ্বল, হবিগঞ্জ শিশু আদালতের পিপি এস. এডভোকেট মোঃ হাফিজুল ইসলাম, এডভোকেট মোঃ হারুন, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মহিবুর রহমান মুহিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন শেষে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান নিউ ফিল্ড মাঠে সমাবেশস্থল পরিদর্শনে যান। পরক্ষণেই হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সহিদুল হক মুন্সির নেতৃত্বে একদল পুলিশ সদস্য মাঠ পরিদর্শন করে নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
জেলা জামায়াত নেতারা জানান, এই সফরকে ঘিরে হবিগঞ্জ জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। গ্রাম থেকে শহর পর্যন্ত সাধারণ মানুষের মাঝেও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এই সফর হবিগঞ্জে ইতিবাচক ভোটের পরিবেশ সৃষ্টি করবে এবং জাতীয় নির্বাচনে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সবশেষে জেলা জামায়াত নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সফর ও কেন্দ্রীয় আমীরের বার্তাগুলো জনসম্মুখে যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
আই.এ/সকালবেলা