ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মো. সিরাজের নির্বাচনী প্রচার কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসীমাটি গ্রামের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের যৌথ নির্বাচনী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত প্রায় দুইটা পর্যন্ত ওই অফিসের পাশের চা দোকানে লোকসমাগম ছিল। ধারণা করা হচ্ছে, ভোর রাত ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে কার্যালয়ের আসবাবপত্র, পোস্টার ও ব্যানার পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজার রহমান দুলাল অভিযোগ করে বলেন, "গতকাল ধানের শীষের প্রার্থীর উপস্থিতিতে আমাদের একটি বিশাল পথসভা সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে ঈর্ষান্বিত হয়ে একটি প্রতিপক্ষ রাজনৈতিক দল উসকানিমূলক কর্মকাণ্ড শুরু করেছে। নির্বাচনে নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় তারা এই অগ্নিসংযোগের মতো সন্ত্রাসী কাজ করেছে।"
উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে সকালেই কালসীমাটি এলাকায় ছুটে যান শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী ও অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ওসি ইব্রাহিম আলী জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং যারা এই নাশকতার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে কালসীমাটি ও এর আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ