কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা গ্রামে কৃষি জমির উপরিভাগ বা টপ-সয়েল কেটে বিক্রি করার অপরাধে ইমরুল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ইমরুল হোসেন হাটশিরা গ্রামের সেকান্দর আকন্দের পুত্র।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে হাটশিরা গ্রামে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রির সত্যতা মেলায় ইমরুল হোসেনকে আটক করা হয়। পরে তাকে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, ২০২৩-এর ১৩ ধারায় দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে অবমুক্ত করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় কাজিপুর থানার ওসি (তদন্ত) আবু সাইদ ও এসআই শফিউলসহ থানা পুলিশের একটি দল এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাজিপুর ক্যাম্পের একটি চৌকস টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন। অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জানান, কৃষি জমির টপ-সয়েল কাটা পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং কৃষি উৎপাদনের জন্য এটি মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এবং আবাদি জমি রক্ষায় এ ধরনের অসাধু চক্রের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন