বহিষ্কারই শেষ নয়, নবীনগরে নতুন রাজনীতির সূচনা হবে: তাপস

বহিষ্কারই শেষ নয়, নবীনগরে নতুন রাজনীতির সূচনা হবে: তাপস

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস বলেছেন, বহিষ্কার কোনো রাজনৈতিক পরিসমাপ্তি নয়, বরং এটি নতুন সম্ভাবনার দুয়ার। 

রোববার বিকেলে নবীনগর সরকারি পাইলট হাইস্কুল মাঠে ‘ফুটবল’ প্রতীকের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যে তিনি নিজেকে ও তাঁর অনুসারীদের বিএনপি থেকে সাম্প্রতিক বহিষ্কারের বিষয়টি উল্লেখ করে বলেন, রাজনৈতিক জীবনে বহিষ্কার নতুন কোনো বিষয় নয়। ইতিহাস সাক্ষ্য দেয় যে অনেক সময় দলীয় বহিষ্কার থেকেই শক্তিশালী ও জনমুখী আন্দোলনের জন্ম হয়। ইনশাআল্লাহ, এই বহিষ্কার থেকেই নবীনগরে নতুন রাজনৈতিক ইতিহাসের সূচনা হবে এবং এখানকার জনগণই এর উপযুক্ত জবাব দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কাজী নাজমুল হোসেন তাপস আরও বলেন, নবীনগরের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার প্রশ্নে তিনি কোনো আপস করবেন না। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি সবসময় জনগণের পাশে থাকবেন উল্লেখ করে ভোটারদের প্রতি ‘ফুটবল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, সাবেক কাউন্সিলর আবু সাঈদ, মফিজুর রহমান মুকুল, আলী আজ্জম, জেলা বিএনপির সাবেক সদস্য হযরত আলী এবং আশরাফ হোসেন রুবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিকেলের এই জনসভায় বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়, যা নবীনগরের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থীর শক্ত অবস্থানের স্পষ্ট বার্তা দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

মন্তব্য করুন