ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ পাওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ শেষে তিনি সরাসরি নিজ নির্বাচনী এলাকায় যান এবং এই শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল থেকে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইনের উপস্থিতিতে নির্বাচনী প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টার দিকে ড. মঈন খান আনুষ্ঠানিকভাবে তার কাঙ্ক্ষিত ধানের শীষ প্রতীক গ্রহণ করেন। প্রতীক প্রাপ্তির পর তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে পলাশে অবস্থিত তার পারিবারিক কবরস্থানে যান। সেখানে তিনি তার পিতা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মোমেন খান ও মাতা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
কবর জিয়ারত শেষে ড. মঈন খান সাংবাদিকদের বলেন, নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে মাঠে নেমেছি। আশা করি, ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের রায় দিতে পারবেন। প্রতীক পাওয়ার মাধ্যমে আমাদের নির্বাচনী আন্দোলনের নতুন ধাপ শুরু হলো। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় সাধারণ মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এ সময় ড. মঈন খানের সাথে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। প্রতীক পাওয়ার পর থেকে পলাশ উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ