ভোটারদের দ্বারে বগুড়া শহর যুবদল: ‘ধানের শীষ’ সম্বলিত ব্যাগ বিতরণ

ভোটারদের দ্বারে বগুড়া শহর যুবদল: ‘ধানের শীষ’ সম্বলিত ব্যাগ বিতরণ

ওয়াফিক শিপলু, বগুড়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে ব্যতিক্রমী প্রচারণা শুরু করেছে বগুড়া শহর যুবদল। দলটির উদ্যোগে ভোটারদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত এবং ‘ধানের শীষ’ প্রতীক সিলমোহর করা ব্যাগ বিতরণ করা হয়েছে।

শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি’র সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, “বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতেই নির্বাচনের মাঠে লড়াই করছে। ধানের শীষ আজ দেশের মানুষের মুক্তি ও আশা-ভরসার প্রতীকে পরিণত হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, তরুণ সমাজ ও যুবদলের এই সক্রিয়তা বগুড়া থেকেই বিএনপির বিজয়ের শক্ত ভিত তৈরি করবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু বলেন, “জনগণের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে যুবদলের এই ব্যাগ বিতরণ ও সরাসরি যোগাযোগ অত্যন্ত কার্যকর। বিএনপি কেবল ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনীতি করে।”

শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আহসান হাবিব মমি বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ‘৩১ দফা’ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। ভোটারদের ভালোবাসা ও সমর্থন নিয়ে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন শিপলু, সহ-প্রচার সম্পাদক শাহেদ আলীসহ শহরের ২১টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতাকর্মীরা জানিয়েছেন, আগামী দিনগুলোতে বগুড়া শহরজুড়ে এই গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন