ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রিপন হালদার, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাগেরহাটের চারটি সংসদীয় আসনেই সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রার ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, ভোটগ্রহণের আগের ও পরের ৪৮ ঘণ্টা এই বিধিনিষেধ কার্যকর থাকবে। সেই হিসেবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ মিনিট থেকে ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ মিনিট পর্যন্ত এবং ভোটগ্রহণ শেষে ১২ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত কোনো ব্যক্তি জনসভা আহ্বান, মিছিল বা শোভাযাত্রা করতে বা তাতে যোগ দিতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে কেউ কোনো আক্রমণাত্মক কাজ, বিশৃঙ্খলামূলক আচরণ বা ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের হুমকি বা ভীতি প্রদর্শন করতে পারবেন না। এছাড়া কোনো প্রকার অস্ত্র বা শক্তি প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আইন ভঙ্গ করলে সর্বনিম্ন ২ বছর থেকে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ