ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মানিকগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রদান এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্যের গুরুতর অভিযোগে মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে আতাউর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা উল্লেখ করা হয়। দীর্ঘ দিন ধরে তিনি দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জনসম্মুখে এবং সংবাদ সম্মেলনে দেওয়া তার বেশ কিছু বক্তব্য দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। কেন্দ্রীয় নেতৃত্বের পর্যবেক্ষণ অনুযায়ী, তার সেই বক্তব্যগুলো ছিল দায়িত্বহীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।
সংশ্লিষ্টরা জানান, বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে ইতিপূর্বে একাধিকবার সতর্ক করা হলেও তিনি নিজের অবস্থান পরিবর্তন করেননি। উল্টো কেন্দ্রীয় নেতৃত্বকে চাপের মুখে ফেলতে তিনি বিভিন্ন সময়ে গণমাধ্যমকে ব্যবহার করেছেন, যা চরম দলীয় শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দলের বৃহত্তর স্বার্থে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ