সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হরিনামগোপাল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি অস্থায়ী নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা অফিসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসের আসবাবপত্র, পোস্টার ও প্রচারপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ভোরবেলা স্থানীয়রা পোড়া অফিসটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। আগুনে অফিসের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে নির্বাচনী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়ার কাজ চলছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। তিনি বলেন, “নির্বাচনকালীন এই সহিংসতা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এটি ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ। আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” একই সঙ্গে বাগবাটি ইউনিয়ন জামায়াতের আমির মোঃ সানোয়ার হোসেন এই ঘটনাকে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।

ভোটের মাত্র কয়েকদিন আগে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে হরিনামগোপাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত থাকলেও থমথমে ভাব বিরাজ করছে।

মন্তব্য করুন