ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: পবিত্র রমজান মাসে সাহরির সময়কে কাজে লাগিয়ে ইয়াবা পাচারের চেষ্টাকালে বগুড়ায় দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বোনগাঁও কালিতলা গ্রামের মো. মানারুল ইসলাম ওরফে মান্না (২৮) এবং একই উপজেলার মেদনী সাগর ফজুপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন (৩০)।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা কার্যালয়ের একটি দল নওদাপাড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে অবস্থান নেয়। রাত সোয়া ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী ‘তাজ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি শুরু করে ডিএনসি। এ সময় বাসের জি-১ ও জি-২ নম্বর সিটে বসা দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়। অভিযুক্তদের কাছে বাসের কোনো বৈধ টিকিট পাওয়া যায়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, রমজানে সাহরির সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি শিথিল থাকতে পারে—এমন ধারণা থেকেই তারা এই সময়কে মাদক পাচারের জন্য বেছে নিয়েছিলেন।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক পাচারকারীরা ধর্মীয় আবেগঘন সময়কে সুযোগ হিসেবে ব্যবহারের চেষ্টা করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।” এ ঘটনায় বৃহস্পতিবার সকালে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ