ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আলোচনার অন্যতম কেন্দ্রে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। হেভিওয়েট প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে তার সরব উপস্থিতি থাকলেও শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন তিনি। কেটলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রত্যাশিত জনসমর্থন পেতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত তাকে জামানত হারাতে হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বগুড়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। এর মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি, যা মোট ভোটারের ৭২ দশমিক ৬৩ শতাংশ। নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। সেই হিসেবে এই আসনে জামানত টিকিয়ে রাখতে মান্নার প্রয়োজন ছিল কমপক্ষে ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু তিনি পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট, যা মোট বৈধ ভোটের প্রায় ১ দশমিক ৪ শতাংশ।
রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, জাতীয় পর্যায়ে পরিচিত মুখ হওয়া সত্ত্বেও স্থানীয় পর্যায়ে সাংগঠনিক শক্তির ঘাটতি এবং ভোটের জটিল সমীকরণ মাহমুদুর রহমান মান্নার এই ভরাডুবির প্রধান কারণ। ফলে প্রচারণায় আলোচনা সৃষ্টি করলেও ব্যালটের লড়াইয়ে তিনি অনেক পেছনে পড়ে যান। বগুড়া-২ আসনের এই ফলাফল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে হিসাব-নিকাশের জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ