ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

ফেনী প্রতিনিধি: ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১০টিতেই জয়লাভ করেছে বিএনপিপন্থি ‘আইনজীবী কল্যাণ পরিষদ’।

অন্যদিকে, জামায়াত সমর্থিত ‘আইনজীবী সম্প্রীতি পরিষদ’ ৪টি পদে জয়ী হয়েছে এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনার ও সমিতির সভাপতি নুরুল আমিন খাঁন এবং সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন মানিক আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে ফরিদ উদ্দিন খাঁন নয়ন সভাপতি এবং হাছান মাহমুদ সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। এছাড়া এই প্যানেল থেকে সহসভাপতি পদে মুহাম্মদ শহিদুল ইসলাম ও মো. সামছু উদ্দিন মানিক, অডিটর পদে হুমায়ুন কবীর বাদল, লাইব্রেরি সম্পাদক পদে ইয়াসীন আরাফাত তারেক এবং সদস্য পদে আবদুল্লাহ আল মামুন জুয়েল, মো. মনির উদ্দিন সোহাগ, আরিফুল ইসলাম ও মো. আবদুর রহিম সুজন নির্বাচিত হন।

জামায়াত সমর্থিত প্যানেল থেকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আলাউদ্দিন বিন ওয়াদুদ, অর্থ সম্পাদক পদে মাহমুদুল হাসান এবং সদস্য পদে শাহীদুল হক ও নাঈম উদ্দিন জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাসুদুর রহমান।

উল্লেখ্য, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই আইনজীবী সমিতির নির্বাচনে এবারই প্রথম বিএনপি ও জামায়াত পৃথক প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করল। বিগত বছরগুলোতে দল দুটি ঐক্যবদ্ধ প্যানেল দিলেও এবারের রাজনৈতিক সমীকরণ ছিল ভিন্ন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল এই নির্বাচনে অংশ নেয়নি। সমিতির মোট ৩৪৬ জন ভোটারের মধ্যে ৩২৬ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মন্তব্য করুন