ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ তৎপরতায় উদ্ধারকৃত ৯২টি হারানো মোবাইল ফোন এবং অনলাইনে প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে এসব মালামাল ও অর্থ তুলে দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় সাইবার সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও বেশি সতর্ক হতে হবে। পুরাতন মুঠোফোন কেনার ক্ষেত্রে অবশ্যই বক্স ও ক্যাশ মেমো সংগ্রহ করতে হবে। এছাড়া বিকাশ বা নগদের মতো মোবাইল ব্যাংকিং অ্যাপের ওটিপি (OTP) কারো সাথে শেয়ার না করার জন্য তিনি আহ্বান জানান। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়তে জেলা পুলিশের এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ডিসেম্বর (২০২৫) মাসে মেহেরপুর জেলার তিন থানায় করা সাধারণ ডায়েরির প্রেক্ষিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে। একই সময়ে ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া এবং প্রতারণা করে হাতিয়ে নেওয়া নগদ ও বিকাশের সর্বমোট ৫৫ হাজার টাকা উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া উক্ত সেলটি ১৩টি ফেসবুক আইডি রিকোভারি এবং নিখোঁজ হওয়া ৪ জন ভিকটিমকে উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিভিন্ন মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারেও সেলের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদি হাসান দিপু এবং ডিবি পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হারানো সম্পদ ফিরে পেয়ে ভুক্তভোগীরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ