দিনাজপুরে বিজিবি’র ব্যাপক নিরাপত্তা তৎপরতা: ২৪ প্লাটুন সদস্য মোতায়েন

দিনাজপুরে বিজিবি’র ব্যাপক নিরাপত্তা তৎপরতা: ২৪ প্লাটুন সদস্য মোতায়েন

তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে দিনাজপুরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং বেসামরিক প্রশাসনকে সহায়তায় মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুরের জেলাজুড়ে বিজিবি’র মোট ২৪ প্লাটুন সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর আওতাধীন বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়ন এবং কাহারোল উপজেলা এলাকায় বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে বিশেষ যৌথ টহল পরিচালিত হয়েছে। ভোটাররা যাতে ভয়হীন পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

একই দিনে বিরল উপজেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। অভিযানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ জনকে আটক করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বিজিবি জানিয়েছে, পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সংবিধান ও আইনের আলোকে মাঠে অবস্থান করবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি উপজেলা পর্যায়ে টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

মন্তব্য করুন