ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জিয়ারত করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পৌঁছে এই শ্রদ্ধা নিবেদন করেন। ডা. টিপু প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও জিয়ারত করেন। এ সময় তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
মোনাজাতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় সংসদ সদস্যের সহধর্মিণী লাইলা আঞ্জুমান বানুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন মান্দা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক বিএনপি নেতা লুৎফর রহমান, নাসির উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা জামিল হোসেন প্রামাণিক, হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম হোসাইন ও সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী প্রমুখ।
জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের পথ অনুসরণ করেই আমি জনগণের কল্যাণে কাজ করে যাব। নওগাঁ-৪ আসনের উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এম.জেড.এস/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ