রাজনগরে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

রাজনগরে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী সৈয়দ নানখার আলীর (৪০) বিরুদ্ধে রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিশুর পরিবার। অভিযুক্ত ব্যক্তি ওই গ্রামের মৃত আকদছ আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শিশুটি বাড়িতে একা ছিল। এই সুযোগে অভিযুক্ত নানখার আলী কৌশলে ঘরের ভেতর ঢুকে শিশুটির শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী পরিবার এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তসহ অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

রাজনগর থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

টি.বি/সকালবেলা

মন্তব্য করুন