ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর্জা মো. আব্দুস সালাম ও তাঁর স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি রুজু করেন।
দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়, শাহানা পারভীন ২০২৪ সালের ১৮ আগস্ট দাখিল করা সম্পদ বিবরণীতে মাত্র ২১ লাখ ৭৪ হাজার টাকার সম্পদের তথ্য দিয়েছিলেন। কিন্তু দুদকের গভীর অনুসন্ধানে তাঁর নামে প্রায় ৯৫ লাখ ১৬ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া যায়। অর্থাৎ তিনি প্রায় ৭৩ লাখ ৪২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। অনুসন্ধানে আরও দেখা গেছে, তাঁর বৈধ আয় ৭ লাখ ১৪ হাজার টাকা হলেও পারিবারিক ব্যয়সহ মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৭৫০ টাকা। ফলে ৯৫ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকার সম্পদ তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সম্পূর্ণ অসংগতিপূর্ণ বলে প্রমাণিত হয়েছে।
মামলায় আরও অভিযোগ করা হয়, এএসপি মীর্জা মো. আব্দুস সালাম সরকারি চাকরির ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে স্ত্রীর নামে এই বিশাল সম্পদ গড়ে তুলতে সরাসরি সহায়তা করেছেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন জানান, তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এএসপি মীর্জা মো. আব্দুস সালাম এই অভিযোগকে ভিত্তিহীন ও হয়রানিমূলক দাবি করে বলেছেন, তাঁদের সব সম্পদের বৈধ ট্যাক্স পরিশোধ করা আছে এবং এগুলো তাঁর স্ত্রীর পারিবারিক সম্পত্তি। উল্লেখ্য, এর আগে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখায় থাকাকালে তাঁর বিরুদ্ধে অবৈধ আয়ে বহুতল বাড়ি নির্মাণ, আটক বাণিজ্য ও নিয়মিত মাসোহারা উত্তোলনের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ