ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় স্ত্রীর মর্যাদা আদায়ের দাবিতে এক প্রবাসীর বাড়িতে টানা দুই দিন ধরে অবস্থান করছেন এক নারী। উপজেলার সদর ইউনিয়নের চরকতলা এলাকায় সিঙ্গাপুর প্রবাসী নাজিম উদ্দিনের বাড়িতে অবস্থান নেওয়া পারভীন আক্তার (২৮) সাফ জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন (মৃত ময়েজ উদ্দিনের ছেলে) দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। একই ইউনিয়নের দশগাঁও এলাকার নুরু পালোয়ানের মেয়ে পারভীন আক্তারের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারভীন আক্তারের আগে একটি বিয়ে হয়েছিল এবং সেই সংসারে তার ৮ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, নাজিম উদ্দিন সব জেনেও পারভীনের সাথে প্রেমের সম্পর্ক বজায় রাখেন এবং একপর্যায়ে পারভীনের আগের সংসার ভেঙে যায়।
পারভীন আক্তার দাবি করেন, সংসার ভেঙে যাওয়ার পর তিনি নাজিমকে বিয়ের জন্য চাপ দিলে তিনি নানা টালবাহানা শুরু করেন। সবশেষ পরিবারের দোহাই দিয়ে নাজিম তাকে মেনে নিতে অস্বীকার করলে নিরুপায় হয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে তিনি নাজিমের বাড়িতে অবস্থান নেন। তিনি বলেন, "নাজিম আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার জীবন নষ্ট করেছে, এখন স্বীকৃতি না দিলে আমার মরণ ছাড়া গতি নেই।"
এ বিষয়ে অভিযুক্ত নাজিম উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে নাজিমের পরিবার দাবি করেছে, তারা এই সম্পর্কের বিষয়ে আগে কিছুই জানতেন না। অন্যদিকে এলাকাবাসীর দাবি, নাজিম প্রথমে সম্পর্কের কথা স্বীকার করলেও এখন পরিবারের চাপে অস্বীকার করছেন।
বর্তমানে পারভীন আক্তার ওই বাড়িতেই অনশন করছেন। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে দুই পরিবারের মধ্যে স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান হয়নি।
এইচ.আর.এইচ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ