লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন

মো. সুলতান কবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নবাবগঞ্জ উপজেলার মতিহারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি তার ভোট প্রদান করেন। এদিন ভোট গ্রহণ শুরুর আগেই ডা. জাহিদ হোসেন কেন্দ্রে উপস্থিত হন এবং সকাল সাড়ে ৭টা থেকে সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। পরবর্তীতে ভোট গ্রহণ শুরু হলে তিনি ভোট কক্ষে প্রবেশ করে নিজের রায় প্রদান করেন।

ভোট প্রদান শেষে ভোটকেন্দ্রের বাইরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন ডা. এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি ভোটের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ডা. জাহিদ বলেন, এখন পর্যন্ত নির্বাচনী এলাকায় ভোটের সুন্দর পরিবেশ বিরাজ করছে। যদি এই পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকে এবং ভোটাররা কোনো প্রকার বাধা ছাড়াই নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন, তবে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি আরও বলেন, ইনশাআল্লাহ এলাকার সাধারণ জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। উল্লেখ্য, অত্র আসনে সকাল সাড়ে ৭টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সবখানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের খবর পাওয়া গেছে।

আর.এম/সকালবেলা

মন্তব্য করুন