ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আরিফ হাজরা, কোটালীপাড়া (গোপালগঞ্জ): বিএনপি কখনোই বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করে না এবং কোনো রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হোক—তা বিএনপি চায় না বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া সরকারি কলেজ মাঠে পৌর বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। আমরা এমন এক গণতন্ত্র চাই যেখানে অনেক রাজনৈতিক দল, ভিন্ন পথ ও মতের মানুষ থাকবে এবং গঠনমূলক সমালোচনা থাকবে। এসব কিছু গ্রহণ করেই বিএনপি সামনের দিকে এগিয়ে যেতে চায়।” তিনি আরও উল্লেখ করেন যে, আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন হয়েছিল, বিএনপি তাতে সরাসরি অংশগ্রহণ করেনি। এ কারণে কোনো কোনো পক্ষ বিএনপিকে সমালোচনা করলেও দল তার আদর্শিক অবস্থানে অনড় ছিল। তিনি জানান, অন্তর্বর্তী সরকার তাদের নিজস্ব ক্ষমতায় নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে।
নিজের নির্বাচনী অভিজ্ঞতার কথা তুলে ধরে এস এম জিলানী বলেন, “আমি এর আগেও এই আসনে দুইবার নির্বাচন করেছিলাম, কিন্তু তখন ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা কেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন, তাকেই ভোট দিবেন।”
উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, “আমি আপনাদের নেতা বা এমপি হয়ে থাকতে চাই না, বরং সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আমাকে একটি সুযোগ দিলে আমি আপনাদের সাথে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন করব।” নির্বাচিত হলে মাদক নির্মূলের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাঁড়িয়েয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় জেলা ও উপজেলার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ