ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের বিপরীতে ভারত অভ্যন্তরে মাদক আনতে গিয়ে বিএসএফের হাতে দুই বাংলাদেশি মাদক কারবারি আটক হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মাধবখালী সীমান্তের বিপরীতে ভারতের ‘হেন্তের বিল’ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ফকির পাড়ার সন্তোর ছেলে রকো হোসেন (৩০) এবং মসজিদ পাড়ার খোদাবক্সের ছেলে রাশিদুল দুলি (৩৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক রকো ও দুলি দীর্ঘ দিন ধরে সীমান্ত এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। শনিবার ভোরে তারা অবৈধভাবে ভারতের কাঁটাতারের বেড়া পেরিয়ে মাদক সংগ্রহ করতে যান। ফেরার পথে ভারতের ম্যাটারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুই যুবক বাংলাদেশের শূন্য রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভেতরে ঢুকে পড়েছিলেন। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের মাদকসহ আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ