মান্দায় নির্বাচন-পরবর্তী সহিংসতা: আগুনে পুড়ল দোকান, ৩ লক্ষাধিক টাকার ক্ষতি

মান্দায় নির্বাচন-পরবর্তী সহিংসতা: আগুনে পুড়ল দোকান, ৩ লক্ষাধিক টাকার ক্ষতি

 নওগাঁর মান্দায় নির্বাচন-পরবর্তী ধানের শীষ ও দাঁড়িপাল্লায় ভোট দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে একটি ফার্নিচারের দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৬ ফেব্রুয়ারি (সোমবার) ভোরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের আন্দারিয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক সাইদুর রহমান প্রামাণিক মৃত কলিম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের ফলাফল পরবর্তী সময়ে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া নিয়ে স্থানীয় কয়েকজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। এর জেরে গভীর রাতে দুর্বৃত্তরা সাইদুর রহমানের ফার্নিচারের দোকানে আগুন ধরিয়ে দেয়।

আগুনে দোকানে থাকা প্রায় দুই লাখ টাকার কাঠ, তিনটি বক্স খাটের ফ্রেম এবং দোকানঘরসহ সব মিলিয়ে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

এম.জেড.এস/সকালবেলা

মন্তব্য করুন