ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ শাহারিয়ার, বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার সাপাহার-পোরশা-গোমস্তাপুর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। গত আড়াই মাসে এই সড়কে তৎপর থাকা ২০ জনেরও অধিক স্থানীয় ও আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। একইসাথে ডাকাত চক্রের সদস্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।
ভৌগোলিক কারণে সাপাহার-পোরশা-গোমস্তাপুর আঞ্চলিক মহাসড়কটি অপরাধপ্রবণ হয়ে উঠেছে। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ঘন আমের বাগান থাকায় এবং জনবসতি দূরে হওয়ায় দুষ্কৃতিকারীরা এই সুযোগ কাজে লাগাচ্ছে। বিশেষ করে পোরশা ও গোমস্তাপুর এলাকার কিছু দুষ্কৃতিকারী মাঝেমধ্যেই সড়কের গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি করে ডাকাতির চেষ্টা চালায়। গতকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে ৩টার মধ্যে পোরশা-গোমস্তাপুর সড়কে অন্তত তিনবার গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে ডাকাত দল। খবর পেয়ে নওগাঁ জেলা ও পোরশা থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদের প্রতিহত করে এবং সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ঘন বাগানের ভেতরে পালিয়ে যায়।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই সড়কে পুলিশের টহল পূর্বের তুলনায় অনেক বেশি জোরদার করা হয়েছে। এ প্রসঙ্গে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়কে ডাকাতি ও অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি ভুক্তভোগীদের উদ্দেশ্যে বলেন, কেউ যদি এই সড়কে দুষ্কৃতিকারীদের দ্বারা কোনোভাবে অপরাধের শিকার হন, তবে যেন দ্রুত থানায় অভিযোগ দায়ের করেন। কেননা অপরাধ নির্মূলে মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে তিনি ডাকাতি প্রতিরোধে স্থানীয় জনসাধারণকেও সচেতন থাকার এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ