নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত ১৫

নগরকান্দায় যাত্রীবাহী বাস খাদে উল্টে আহত ১৫

এস এম সাহান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে উল্টে গেছে। এতে বাসে থাকা অন্তত ১৫ থেকে ১৬ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে নগরকান্দা থানাধীন ডাঙ্গী ইউনিয়নের জোয়ারকান্দি গ্রামে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরগামী 'চাকলাদার পরিবহন' (ঢাকা মেট্রো-ব ১৫-২২০৫) নামের একটি বাস অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার ডান পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস, নগরকান্দা থানা পুলিশ এবং ভাঙ্গা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। হাইওয়ে পুলিশ সূত্রে জানানো হয়েছে, ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থানে রাস্তা ভাঙা ও খানাখন্দ থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

এস.এম.এস/সকালবেলা

মন্তব্য করুন