ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের মনে আস্থা ফেরাতে যৌথবাহিনীর এক বিশাল মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে এই মহড়া পরিচালিত হয়।
উপজেলার বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বিশেষ মহড়াটি কালিহাতী বাসস্ট্যান্ডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা গেট হয়ে সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এটি শেষ হয়। মহড়ায় নেতৃত্ব দেন ঘাটাইল ১৯ পদাতিক ডিভিশন শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মেজর ইউসুফ। উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম।
মহড়া শেষে মেজর ইউসুফ বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা করবে।” তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।
নির্বাচনের মাত্র তিন দিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর এই সম্মিলিত উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি তৈরি করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তায় যৌথবাহিনীর এই মহড়া দেখে তারা এখন নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার সাহস পাচ্ছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ