রাজনগরে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্ত নানখার আলী গ্রেপ্তার

রাজনগরে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্ত নানখার আলী গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে পঞ্চম শ্রেণির এক শিশুকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত প্রতিবেশী সৈয়দ নানখার আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামে গত ১৫ ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটে। শিশুটি বাড়ির উঠানে একা থাকার সুযোগে প্রতিবেশী মৃত আকদছ আলীর ছেলে সৈয়দ নানখার আলী তাকে কৌশলে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

এই ঘটনায় শিশুটি মানসিকভাবে ভেঙে পড়লে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি তৎপরতায় অভিযুক্ত সৈয়দ নানখার আলীকে আটক করা হয়েছে। বিষয়টির তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে, এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

টি.বি/সকালবেলা

মন্তব্য করুন