ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল জব্বারের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ভুল পদবী ব্যবহারের অভিযোগ উঠেছে। তিনি মূলত কলেজের একজন ‘সহকারী অধ্যাপক’ হলেও নির্বাচনী ব্যানার ও লিফলেটে নিজেকে ‘অধ্যাপক’ হিসেবে পরিচয় দিচ্ছেন।
অনুসন্ধানে জানা গেছে, আব্দুল জব্বার বরিশাল নগরের সিটি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালা অনুযায়ী, ডিগ্রি কলেজে একজন শিক্ষকের সর্বোচ্চ পদ হলো সহকারী অধ্যাপক (গ্রেড-৬)। এর উপরে সহযোগী অধ্যাপক বা অধ্যাপক হওয়ার কোনো সুযোগ বেসরকারি কলেজে নেই। অধ্যাপক পদটি মূলত সরকারি কলেজের একটি উচ্চতর পদ (গ্রেড-৩), যা সহকারী অধ্যাপকের চেয়ে দুই ধাপ উপরের পদ।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি নিজের নাম ‘মোহাম্মদ আব্দুল জব্বার’ এবং পেশা ‘বেসরকারি কলেজ শিক্ষক’ উল্লেখ করেছেন। তবে মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলার বিভিন্ন স্থানে টাঙানো পোস্টার ও ব্যানারে তাঁর নামের আগে বড় অক্ষরে ‘অধ্যাপক’ পদবী ব্যবহার করা হচ্ছে।
বরিশাল সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আব্দুল জব্বার সাহেব আমাদের কলেজের সহকারী অধ্যাপক। দুই বছর পর তিনি অবসরে যাবেন।” তবে নামের আগে অধ্যাপক লেখা প্রসঙ্গে তিনি বলেন, এটি কলেজ শিক্ষকদের মধ্যে একটি প্রচলিত প্রথা (ট্র্যাডিশন), তাই হয়তো লিখেছেন।
অন্যদিকে, বরিশাল জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, নির্বাচনে ভোটারদের কাছে এমন ভুল কর্মপরিচয় দেওয়া সরাসরি নির্বাচনী আচরণবিধির আওতায় পড়ে না, তবে এটি একজন প্রার্থীর নৈতিকতার প্রশ্ন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ